ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩৫ জনকে গ্রেফতারের দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের ছয়টি প্রদেশে সমন্বিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কেবল গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত সন্দেহভাজনই নয়, অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যও রয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব গোষ্ঠী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে সক্রিয় ছিল। তবে আটক ব্যক্তিদের পরিচয় কিংবা তাদের নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই গণগ্রেফতারের ঘটনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।