জনপ্রিয় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার দীর্ঘদিন অসুস্থতার কারণে লাইভ পারফরম্যান্স থেকে দূরে থাকার পর আবারও মঞ্চে ফিরতে যাচ্ছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ সংগীত উৎসব কোচেলা ২০২৬-এ তিনি পারফর্ম করবেন।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্ট বাতিলের পর এবারই প্রথম বড় কোনো লাইভ ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন বিবার। সে সময় তিনি র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হন, যার কারণে তার মুখের এক পাশ অবশ হয়ে যায়। পরে দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। গত বছর থেকে তিনি আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি শুরু করেন।
উৎসবের প্রথম ধাপ ১০ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শোতে জাস্টিন বিবার পারফর্ম করতে পারেন। এবারের আয়োজনে সাবরিনা কারপেন্টার, ক্যারোল জি, মোবি, দ্য স্ট্রোকস ও ফ্যাটবয় স্লিমসহ একাধিক আন্তর্জাতিক শিল্পী অংশ নিচ্ছেন।
শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা চালিয়ে যান বিবার। দীর্ঘ চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। পরবর্তীতে ‘সোয়্যাগ টু’ প্রকাশের মাধ্যমে তিনি আবারও সংগীত অঙ্গনে আলোচনায় আসেন এবং মঞ্চে ফেরার পথ তৈরি করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের কোচেলা উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে, যা উৎসবটিকে আবারও বিশ্বের অন্যতম বৃহৎ সংগীত মিলনমেলায় পরিণত করবে।