দীর্ঘদিন পর নাচে ফিরলেন পাওলি দাম, ভাঙছেন প্রচলিত ধারণা

জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম অভিনয় জীবনের শুরু করেন ২০০৩ সালে একটি টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। পরে ২০০৯ সালে ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন এবং ২০১২ সালে ‘হেট স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন কাজ, ক্যারিয়ারের অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। নতুন কাজ প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন পর আবারও নাচের সুযোগ পেয়ে তিনি বেশ আনন্দিত। তার ভাষায়, অনেকেই হয়তো ভুলেই গিয়েছিলেন যে তিনি নাচও করতে পারেন, তাই নতুন কাজের মাধ্যমে সেটি আবারও তুলে ধরেছেন।

তিনি বলেন, অনেক সময় তাকে সিরিয়াস অভিনেত্রী হিসেবে দেখা হয়, যার কারণে নাচ-গান বা ভিন্নধর্মী চরিত্রের প্রস্তাব কম আসে। তবে নতুন একটি সিনেমায় তিনি নাচ, গান ও অ্যাকশন—সবকিছু করার সুযোগ পেয়েছেন, যা তার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা।

প্রায় এক যুগ পর আবারও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। প্রচলিত ধারণা ভেঙে নারী অভিনেত্রীদের জুটিকে সামনে আনার বিষয়টি তিনি ইতিবাচকভাবে দেখেন এবং এমন উদ্যোগ আরও বাড়ার আশা প্রকাশ করেন।

বয়স নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, নিজেকে ভালো রাখার জন্য আলাদা কোনো চেষ্টা করেন না। মানসিকভাবে চাপমুক্ত থাকা ও আনন্দে থাকার মধ্যেই তিনি নিজের সুস্থতা খুঁজে পান।

জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, দর্শকের ভালোবাসাই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তবে ভবিষ্যতে ভালো চরিত্র পেলে জাতীয় পুরস্কার পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

শুটিং সেটে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, একজন অভিনেতা বা অভিনেত্রী ভালো দৃশ্যের জন্য অনেক সময় ঝুঁকি নেন। তবে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। নিজের অভিজ্ঞতায় তিনি জানান, পানিতে শুটিংয়ের সময়ও প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *